দুই স্ত্রীসহ আদম তমিজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৭:৪৫ পিএম


দুই স্ত্রীসহ আদম তমিজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আদম তমিজী হক। ফাইল ছবি

হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের বিরুদ্ধে চেক ডিসঅনারের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দুই স্ত্রী ও আদম তমিজী হকসহ পাঁচজনের বিরুদ্ধে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অন্য আসামিরা হলেন- আদম তমিজী হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, তার আরেক স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জি এম (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) মো. রেজাউল করিম ও সিনিয়র জি এম (বিডি অ্যান্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান গণমাধ্যমকে বলেন, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কেবিসি এগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেড এবং হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে ব্যবসা করত। ব্যবসায়িক লেনদেনে হক ফুড লিমিটেডের ১৯ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা বকেয়া হয়। আসামিরা এই বকেয়া টাকা পরিশোধের জন্য কে বি সি কোম্পানিকে দুটি চেক দেয়। কিন্তু চেক দুটি ‘এডভাইস নট রিসিভ্ড’ মন্তব্যে ব্যাংক কর্তৃক ডিসঅনার হয়। পরে কে বি সি কোম্পানির পক্ষে ইমরান হোসেন (ম্যানেজার রিকোভারী) বাদী হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর হক ফুডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকসহ পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতে মামলা করেন। 

বিচারক মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমনের আদেশ দেন। আজ ছিল মামলার ধার্য দিন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন এবং আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission